শুরু হয়েছে বিএনপির বর্ধিত সভা। ভোটের ভাবনা মাথায় রেখে তৃণমূল আর কেন্দ্রের নেতাদের নিয়ে দীর্ঘ সাত বছর পর এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশ থেকে আসা প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে সকাল থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল ও মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই সভা। সারাদেশ থেকে আসা প্রায় চার হাজার প্রতিনিধি এতে অংশ নিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্ধিত সভায় সভাপতিত্ব করছেন। সভার প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঞ্চে তার জন্য একটি আসন খালি রাখা হয়েছে। লন্ডন থেকে তার ভার্চুয়ালি বক্তব্য দেয়ার কথা রয়েছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, জাতীয় নির্বাহী কমিটি, মহানগর-জেলা-থানা-উপজেলা এবং পৌরসভা ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা আছেন সভায়।
আরো আছেন দলের ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ২০১৮ সালের সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী এবং মনোনয়ন প্রত্যাশীরাও।
এতো বড় করে বিএনপির শেষ যৌথ সভা হয়েছিল ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি, ঢাকার লো মেরিডিয়ান হোটেলে। সেই সভায় সভাপতিত্ব করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর তিনদিন পরে ৮ ফেব্রুয়ারি জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলার সাজায় তাকে কারাগারে যেতে হয়।
দলীয় সূত্রগুলো বলছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব ছাড়া কোনো কেন্দ্রীয় নেতার বক্তব্য দেয়ার সুযোগ রাখা হয়নি। তৃণমূলের নেতাদের মতামত শুনে সবশেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য দেবেন। এর মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হবে।
মন্তব্য করুন