সব খবর ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৫, ৪:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও বিতর্কে চিটাগং কিংস– ‘নতুন’ ক্রিকেটারের পরিচয় নিয়ে ধোঁয়াশা

প্রায় দশ বছর পর বিপিএলে ফিরে এসে চিটাগং কিংস একাধিক বিতর্কের জন্ম দিয়েছে। খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়া, এরপর দলটির খেলোয়াড় পারভেজ হোসেন ইমনকে নিয়ে সত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরীর মন্তব্য সমালোচনার মুখে ফেলেছিল দলটিকে। এবার আরও এক কাণ্ড ঘটিয়ে বসেছে দলটি। স্কোয়াডে যোগ করেছে নূর এ রায়ান নামের এক খেলোয়াড়কে। পেশাদার ক্রিকেটে যার অভিজ্ঞতা নেই এক ম্যাচেরও।

গত ২৩ জানুয়ারি দলটি নিজেদের স্কোয়াডে যোগ করে তাকে। সে ঘোষণা দিয়ে দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়, ‘নূর এ রায়ান সাম্য – এক তরুণ প্রতিভা কিংস পরিবারের নতুন সদস্য’।

নামটা বাংলাদেশের ক্রিকেট পরিমণ্ডলে পরিচিত নয় আদৌ। গুগলে তার নাম বাংলায় ও ইংরেজিতে খোঁজা হলেও কোনো সন্তোষজনক উত্তর মেলেনি। ক্রিকইনফো বা ক্রিকবাজের মতো জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের তথ্যভাণ্ডারেও তার নাম নেই। এমন ক্রিকেটারকে বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসরের এক দলের স্কোয়াডে নিয়ে আসাটা বিস্ময়েরই জন্ম দিয়েছে।

এখানেই শেষ নয়। চট্টগ্রাম পর্ব থেকে তিনি আছেন দলটির সঙ্গে। হোটেলে অবস্থান করা, অনুশীলনে অংশ নেওয়াও হয়েছে তার। তাতেই তার পরিচয় নিয়ে ধোঁয়াশাটা বেড়েছে। তার দলে ঢোকার কারণ হিসেবে রাজনৈতিক সংশ্লিষ্টতারও অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম কিংসের দল ব্যবস্থাপক মোহাম্মদ লাবলুর রহমান এ অভিযোগ সম্পর্কে জানালেন, ‘সে দলের সঙ্গে আছে, অনুশীলন করছে। এটাই সবকিছু। রাজনৈতিক সংযোগ সম্পর্কে আমি কিছু জানি না।’

তবে দলের ব্যবস্থাপনার আরেক সদস্য রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি উড়িয়ে দিলেও জানালেন, তার দলে জায়গা পাওয়াটা ক্রিকেটের জোরে নয়। তিনি বলেন, ‘আমি গুজব শুনেছি, কিন্তু যতদূর জানি, এটা রাজনৈতিক কিছু নয়। সাম্য দলমালিকের আত্মীয়।’

এদিকে সামির কাদেরও আরও এক বিতর্ক জন্ম দিয়েছেন গত মঙ্গলবার। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সামির অসুস্থতার কারণ দেখিয়ে আসেননি।

এর আগে পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ উঠলে সে প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি। এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে। আমার টাকা তো গাছে ধরে না, আমার কিন্তু সন্তুষ্টির দরকার আছে। আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখব না। কিছু ব্যক্তিগত এবং ফ্র্যাঞ্চাইজি ইস্যু আছে। আমি খেলোয়াড় এবং বোর্ডের সাথে আলোচনা করে আমার সিদ্ধান্ত নেব।’ – যা ক্রিকেট মহলে ব্যাপক নিন্দার মুখে পড়েছে।

যে বোর্ডের সঙ্গে আলোচনা করার কথা ছিল সামির কাদের চৌধুরীর, সেই আলোচনার টেবিলেই তিনি আসেননি অসুস্থতার কারণ দেখিয়ে। এরপর বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন তার ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, ‘আমরা প্রতিটি ক্রিকেটারকে আমাদের সন্তান হিসেবে দেখি, তারা জাতীয় দলের হোক বা না হোক। বিপিএলে অনেক তারকা ক্রিকেটার খেলেন, এবং এই ধরনের আচরণ আমাদের জন্য বড় উদ্বেগের বিষয়।’

নাজমুল আবেদীন আরও যোগ করেন, ‘আমরা এ ধরনের মন্তব্যকে সমর্থন করি না। একজন খেলোয়াড় ভালো খেলুক বা খারাপ, আমরা বিশ্বাস করি তারা সব সময় সেরাটা দেওয়ার চেষ্টা করে। সকল পক্ষের পারস্পরিক সম্মান থাকা জরুরি, এবং এই ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা।’

কিংসের মালিক ইচ্ছাকৃতভাবে বৈঠক এড়িয়ে গেছেন কি না বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০