ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, কোনো অজুহাতেই নির্বাচনী ব্যবস্থাকে পেছানোর সুযোগ নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকারই শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
বুধবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে জাহাজশিল্পের এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
‘কিন্তু এই বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। এই বিচারিক প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনেরও কোনো সম্পর্ক নেই’- বলেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য হবে না, এরকম কত কথাই তো শুনতেছি।
তিনি বলেন, গত ১৬ বছর আমরা নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি, প্রাণ দিয়েছি। বাংলাদেশের ১৬ কোটি মানুষ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেছে। উদ্দেশ্য ছিল বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে, বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারবে, দল গঠন করতে পারবে, মতামত প্রকাশ করতে পারবে, মতামত জনগণের কাছে নিয়ে যেতে পারবে।
মন্তব্য করুন