জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। পাকিস্তানকে আইএসআইএস-এর সঙ্গে তুলনা করেন এআইএমআইএম প্রধান।
ওয়াইসি মহারাষ্ট্রের প্রভানিতে ওয়াকফ (সংশোধনী) আইনের বিরোধিতায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের।
এ সময় পাকিস্তানের উদ্দেশে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘আপনি কোন ধর্মের কথা বলছেন? আপনি খাওয়ারজির (ইসলামের প্রাথমিক বছরগুলিতে আবির্ভূত একটি উগ্রপন্থি সম্প্রদায়) এতে বোঝা যায় আপনিই আইএসের উত্তরসূরি। নিরীহ মানুষকে তাদের ধর্ম নিয়ে প্রশ্ন করে হত্যা করা আমাদের ধর্ম নয়। ‘
তিনি বলেন, ‘ওরা (পাকিস্তান) ভারতের থেকে আধা ঘণ্টাও নয়, বরং অর্ধশতাব্দী পিছিয়ে আছে। আমাদের সেনাবাহিনীর বাজেট আপনার দেশের বাজেটের চেয়ে বেশি। পাকিস্তানি নেতাদের ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দেওয়া উচিত নয়। তাদের মনে রাখা উচিত, তারা যদি অন্য দেশের নিরপরাধ মানুষকে হত্যা করে তাহলে কেউ চুপ করে বসে থাকবে না। ’
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে বন্দুক হামলায় ২৬ জন নিহত হয়েছেন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে এটিই সবচেয়ে বড় হামলা। প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবশ্য সন্দেহভাজন শতাধিক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
এদিকে এই হামলার জেরে ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান।
তাছাড়া, হামলার পরে দুই দেশই ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।
মন্তব্য করুন