
ঢাকা, ৮ জুন: বিএনপি মিডিয়া সেলের নামে দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি ঘোষণা ও প্রচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দলটির কেন্দ্রীয় মিডিয়া সেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়া সেলের নামে পরিচালিত ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সম্পর্কে নেতাকর্মী ও সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি ঘোষণা ও প্রচারের তথ্য তাদের নজরে এসেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও মিডিয়া সেলের পরিচয়ে বিভিন্ন অননুমোদিত পেজ ও গ্রুপ সক্রিয় রয়েছে।
বিএনপি মিডিয়া সেল স্পষ্টভাবে জানিয়েছে, কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের কোথাও জেলা বা মহানগর পর্যায়ে ‘বিএনপি মিডিয়া সেল’ নামে কোনো কমিটি গঠন করা হয়নি। যারা নিজেদের অনুমোদিত কমিটি হিসেবে পরিচয় দিচ্ছেন, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনো সাংগঠনিক বা আনুষ্ঠানিক সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি মিডিয়া সেলের নামে অননুমোদিত বা ভুয়া কমিটি প্রদান এবং প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
দলের নেতাকর্মী, সমর্থক ও সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য, ভুয়া তালিকা ও অননুমোদিত প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মিডিয়া সেল বলেছে, কমিটি-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য শুধুমাত্র কেন্দ্রীয়ভাবে অনুমোদিত সূত্রের ওপর নির্ভর করতে হবে।
মন্তব্য করুন