
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির মেটিকুলাস ডিজাইনেই টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার (২৬ জুলাই) একরামুল হক হত্যা মামলায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের পর ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।খবর বিবিসি বাংলার।
হাসিনা ছাড়াও অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন- ক্ষমতাচ্যুত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, আব্দুর রহমান বদি, র্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদ, কর্নেল (অব.) আনোয়ার লতিফ খান তুষার, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম মিনু, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, মেজর (অব.) রুহুল আমিন ওরফে রাজন, স্কোয়াড্রন লিডার নাজমুস মাহমুদ ওরফে রাজু এবং লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান ওরফে সৈকত।এদের মধ্যে আব্দুর রহমান বদি, আনোয়ার লতিফ খান ও মাহাবুব আলম অন্য মামলায় বর্তমানে আটক রয়েছেন।শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযুক্তদের আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার থাকা তিন আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, একরাম হতাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা রিপোর্ট দিয়েছেন।
‘সেই রিপোর্টের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দিয়েছে।
ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। যারা আটক আছে তাদের শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আর যারা পলাতক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ২৫ আগস্ট শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।’
তিনি বলেন, আব্দুর রহমান বদির মেটিকুলাস ডিজাইনেই এ ঘটনা ঘটেছিল। একরাম ছিলেন তার প্রতিপক্ষ। একরামকে হত্যার পর তার সম্পত্তি এই বদি বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেছিলেন। নেপথ্য নায়ক ছিলেন বদি।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাব ও এর সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল। তখন তাদের বিবৃতিতেও একরাম হত্যার প্রসঙ্গ এসেছিল।
ওই নিষেধাজ্ঞার আওতায় পড়েছিলেন তখন র্যাবের দায়িত্বে থাকা বেনজীর আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ।
বেনজীর আহমেদ সম্প্রতি দুবাইতে আটক হয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আওয়ামী লীগ সরকারের পতনের আগেই তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন।
মন্তব্য করুন