
গোলাম রাব্বানীঃ
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার শুরু হয়েছে। সোমবার ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
কারাগারে থাকা আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের আবেদন জানায়। অন্যদিকে আসামিপক্ষ অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল ২ জুন দিন ধার্য করেন।
এর আগে গত ২৫ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ স্বপ্না আক্তারকে হেফাজতে নেয় এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নৃশংস এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্নের প্রত্যাশা জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
জিআর/এমআর
মন্তব্য করুন