
রাকিনঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির মূলহোতা মোঃ তাজুল ইসলাম–কে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে ৫৫টি মোবাইল ফোন, নগদ টাকা, বিদেশি মুদ্রা ও চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এপিবিএন জানায়, ১৬ মে আরাফাত হোসেন নামে এক যুবক বিমানবন্দরে এক ব্যক্তির দেওয়া কফি পান করে অচেতন হয়ে পড়েন। পরে তার মোবাইল ফোন ও নগদ টাকা খোয়া যায়। ঘটনার পর অভিযান চালিয়ে তাজুল ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাস ও রেলস্টেশনে যাত্রীদের সঙ্গে সখ্য গড়ে তুলে চা, কফি বা সফট ড্রিংকের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে মালামাল হাতিয়ে নিতেন তারা। আসামির তথ্যের ভিত্তিতে রাজধানীর দারুসসালাম এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোন, এয়ারবাড, হাতঘড়ি, নগদ ২ লাখ ২৩ হাজার টাকা, সৌদি রিয়াল ও তুরস্কের মুদ্রা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন